এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভিসামুক্ত নীতি সম্প্রসারণ এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার বিভিন্ন পদক্ষেপের ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে বিদেশি আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় অভিবাসন প্রশাসন।
সংস্থার মুখপাত্র ল্যু নিং জানান, প্রথম প্রান্তিকে চীনের সীমান্ত দিয়ে মোট প্রায় ১৮ কোটি ৫০ লাখ বার প্রবেশ ও প্রস্থান হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি।
এর মধ্যে বিদেশি নাগরিকদের ভ্রমণ ছিল প্রায় ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার বার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।
প্রথম প্রান্তিকে প্রায় ৮৩ লাখ ২০ হাজার বিদেশি নাগরিক ভিসামুক্তভাবে চীনে প্রবেশ করেছেন। এটি আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৩ শতাংশ বেশি।
ল্যু নিং বলেন, অভিবাসন প্রশাসনে প্রাতিষ্ঠানিক উন্মুক্ততা বাড়ানো, একতরফা ভিসামুক্ত প্রবেশের জন্য দেশগুলোর তালিকা সম্প্রসারণ এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য সেবার মান উন্নত করার ফলে বিদেশি আগমন ধারাবাহিকভাবে বাড়ছে।
এ উদ্যোগের অংশ হিসেবে মার্চ মাসে বিদেশি নাগরিকদের জন্য অস্থায়ী আবাসন অনলাইনে নিবন্ধনের একটি পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে। হোটেলে না থাকা বিদেশিদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে ছোংছিং, কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, হ্যপেই, লিয়াওনিং, চেচিয়াং, হুবেই ও সিছুয়ান প্রদেশে।
এদিকে প্রথম প্রান্তিকে তাইওয়ানের বাসিন্দাদের মূলভূখণ্ডে ভ্রমণ অনুমতিপত্রের আবেদন বছরওয়ারি ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে এবং তাদের মূলভূখণ্ড সফর বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি