এক সপ্তাহের ব্যবধানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ গতকাল (রোববার) আবারও ফোনে কথা বলেছেন। দুই নেতা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ডের কারণেই তৈরি হয়েছে। পাশাপাশি, ম্যাকখোঁ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, পেজেশকিয়ান ফোনালাপে বলেন, মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি কিছু উপসাগরীয় রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং আবু মুসা দ্বীপে হামলা চালিয়েছে। তিনি স্পষ্ট করেন যে, ইরানের জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনী কখনোই উত্তেজনা বা সংঘাত চায়নি। তবে, আগ্রাসনের জবাবে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় বৈধ ও চূড়ান্ত প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকখোঁ বর্তমান সংঘাতের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
এই ফোনালাপের পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ম্যাকখোঁ বলেন, বর্তমান সংঘাতের তীব্রতা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক গভীর বিশৃঙ্খলার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এর দীর্ঘমেয়াদি পরিণতি হবে ভয়াবহ এবং ইরানি জনগণসহ এই অঞ্চলের সব মানুষই এর শিকার হবে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)