মার্চ ১৬: মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত চাই চুন গতকাল (রোববার) কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ফোনালাপে আল-খুলাইফি বলেন, বর্তমান সংকট কাতারের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে এবং এটি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক উন্নয়নকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে, যা কোনো পক্ষেরই স্বার্থের অনুকূলে নয়। আন্তর্জাতিক সমাজের উচিত আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। দোহা চীনের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করে। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথে সব পক্ষকে ফিরিয়ে আনতে চীনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে আগ্রহী কাতার।
জবাবে চাই চুন বলেন, চীন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কাতারের অবস্থান পুরোপুরি বোঝে। যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা আন্তর্জাতিক সমাজের একটি সাধারণ ঐকমত্য। মূল বিষয় হলো এই ঐকমত্যকে বাস্তবে রূপ দেওয়া। উত্তেজনা বৃদ্ধি রোধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া এড়াতে সব দায়িত্বশীল দেশকে একযোগে কাজ করা উচিত।
আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কাতারের দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে চীন। এ ছাড়া যুদ্ধবিরতি জোরদার করতে উত্তেজনা হ্রাসে এবং যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ইতিবাচক প্রচেষ্টা চালাতে কাতারের সঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)