এপ্রিল ১: বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত অর্থনীতিবিদ জেফরি স্যাকস বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতি বর্তমান বিশ্বকে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি একটি ভিডিও পডকাস্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
স্যাকস উল্লেখ করেন, ইরান-বিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা বর্ষণের ফলে হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি স্কুলছাত্রীসহ সাধারণ নাগরিকদের ওপরও নির্বিচারে হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন যে, ইসরায়েল বর্তমানে লেবাননেও একই ধ্বংসাত্মক মডেলের পুনরাবৃত্তি করছে।
জেফরি স্যাকস আরও বলেন, এই সামরিক পদক্ষেপগুলো তাদের ঘোষিত ‘রাজনৈতিক লক্ষ্য’ অর্জনে তো ব্যর্থ হয়েছেই, উল্টো এগুলো যুদ্ধ এবং বিশৃঙ্খলাকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির যদি আরও অবনতি ঘটে, তবে সমগ্র বিশ্ব এমন এক ধ্বংসাত্মক ঘূর্ণাবর্তে আটকা পড়বে যেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।"
সূত্র: সিএমজি