এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘকে আরও কার্যকর ও দক্ষ করে তুলতে সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে সাধারণ পরিষদ। মঙ্গলবার অনুষ্ঠিত এক অধিবেশনে “ম্যান্ডেট তৈরি, বাস্তবায়ন ও পর্যালোচনা” সংক্রান্ত এই প্রস্তাবটি গৃহীত হয়।
ভোটাভুটিতে ১৬৮টি দেশ প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোট দেয় ৪টি দেশ, আর কোনো দেশ ভোটদানে বিরত থাকেনি। বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হচ্ছে- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া ও নিকারাগুয়া।
প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘের সব ধরনের ম্যান্ডেট তৈরি, বাস্তবায়ন এবং পর্যালোচনার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। এর মাধ্যমে সংস্থার কার্যক্রমে আরও স্বচ্ছতা, সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেন, এই প্রস্তাবটি ম্যান্ডেট ব্যবস্থাপনার প্রতিটি ধাপে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও জানান, নতুন এই প্রক্রিয়া আরও স্পষ্ট ও লক্ষ্যভিত্তিক ম্যান্ডেট নির্ধারণে সহায়তা করবে এবং প্রমাণভিত্তিক মূল্যায়ন ও ফলাফলের ওপর গুরুত্ব দেবে।
গুতেরেস এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করলেও বলেন, “এটি কেবল শুরু, সামনে আরও কাজ বাকি রয়েছে।”
সূত্র: সিএমজি