এপ্রিল ১: সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (মঙ্গলবার) বেইজিং-এ, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাত নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন উত্তেজনা প্রশমন এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে পাকিস্তানের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকে সমর্থন করে এবং তা প্রত্যাশাও করে। এই প্রক্রিয়াটি সহজ নয়, কিন্তু পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা সকল পক্ষের অভিন্ন স্বার্থে। চীন যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে, শান্তির সুযোগ তৈরি করতে, এবং শান্তি আলোচনার জন্য একটি দ্বার উন্মুক্ত করতে পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক।
ইরানের পরিস্থিতি বিষয়ে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টায় চীনের সমর্থনের জন্য দার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত করছে এবং উন্নয়নশীল দেশগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বলে তিনি মন্তব্য করেন। শুধুমাত্র আলোচনার টেবিলেই একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পাকিস্তান চীনের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি