এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ট্রপিক্যাল রিসোর্ট শহর সানইয়ায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস। চীনের স্টেট কাউন্সেলর শেন ইয়িছিন ৪৫টি দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে এই মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
২০২০ সালে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে দুই দফায় এটি স্থগিত করা হয়েছিল। অবশেষে প্রায় ১০হাজার অংশগ্রহণকারী এবং ১ হাজার ৬০০ জন অ্যাথলেটের উপস্থিতিতে এই ক্রীড়া উৎসব শুরু হলো।
গত ডিসেম্বরে 'হাইনান ফ্রি ট্রেড পোর্ট' উদ্বোধনের পর এটিই এই দ্বীপে আয়োজিত প্রথম কোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট।
এবারের মশাল প্রজ্বলন ছিল বিশেষ বৈচিত্র্যময়। ছয়জন মশালবাহক একটি সূর্য আকৃতির মঞ্চের দুই পাশ থেকে এসে একসঙ্গে শিখা প্রজ্বলন করেন। এরপর পুরো মঞ্চটি একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়ে আকাশ ও সমুদ্রকে আলোকিত করে তোলে।
চীন এবার তাদের ইতিহাসের বৃহত্তম প্রতিনিধি দল পাঠিয়েছে। ২৫৫ সদস্যের এই দলে ১৭১ জন অ্যাথলেট রয়েছেন যারা ১৩টি খেলার ৬০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের এই আসর চলবে ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
নাহার/আজাদ
তথ্য ও ছবি- সিসিটিভি