হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অব্যাহত বাধার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কয়েকটি মার্কিন বহুজাতিক তেল কোম্পানির নির্বাহীরা। সম্প্রতি মার্কিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা জানান, এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরির পাশাপাশি বিশ্ব অর্থনীতির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি করবে। তবে মার্কিন সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে কিছুই করা সম্ভব নয়।
ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (রোববার) জানায়, মার্কিন জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব নির্বাহী মনে করেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জ্বালানি বাজার ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। স্বল্পমেয়াদে মার্কিন তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাজারের অস্থিরতা কাটানোর একমাত্র উপায় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া।
লিলি/তৌহিদ/রুবি