হাজার পাখির ডানায় সিনচিয়াংয়ের সবুজ পুনর্জাগরণ

হাজার পাখির ডানায় সিনচিয়াংয়ের সবুজ পুনর্জাগরণ

ছাই ইউয়ে মুক্তা

প্রতি বছর শরৎ ও শীতের সন্ধিক্ষণে, চীনের সিনচিয়াং আকাশে যেন শুরু হয় এক সরব উৎসব—আসর জমে পরিযায়ী পাখিদের। হাজার মাইল পাড়ি দিয়ে আসা পাখিরা এখানে মেলে ধরে তাদের ডানা, আর প্রকৃতি লিখে ফেলে এক জীবন্ত কবিতা। বিশাল ডানা মেলে অলস ভেসে বেড়ায় ডালমেশিয়ান পেলিকান, আকাশ চিরে দ্রুতগতিতে ঘুরে বেড়ায় সাদা লেজের ঈগল। এই দৃশ্য শুধু সৌন্দর্যের নয়—এ যেন প্রকৃতির এক স্পষ্ট বার্তা: সিনচিয়াং এখন নিরাপদ, প্রাণবন্ত, এবং জীবনের জন্য উন্মুক্ত।

ইউরেশীয় মহাদেশের হৃদয়ে অবস্থিত সিনচিয়াং, বিশ্বব্যাপী পরিযায়ী পাখিদের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বিস্তীর্ণ জলাভূমিগুলো তাদের জন্য শুধু আশ্রয় নয়, বরং দীর্ঘ যাত্রার মাঝে এক ‘জীবনদায়ী বিরতিস্থল’। কিন্তু এই চিত্র সবসময় এমন ছিল না। একসময় মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ, জলসম্পদের অপব্যবহার এবং পরিবেশগত অবহেলায় অনেক জলাভূমি হারিয়েছিল তার প্রাণ। শুকিয়ে গিয়েছিল জল, কমে গিয়েছিল উদ্ভিদ, আর পাখিরা খুঁজে পেত না তাদের পুরনো ঠিকানা।

সেই অবক্ষয়ের গল্প আজ বদলে গেছে পুনর্জাগরণের কাহিনিতে। সুপরিকল্পিত সংরক্ষণ উদ্যোগ, আইনি কাঠামো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলে আজ হাজার হাজার হেক্টর জলাভূমি ফিরে পেয়েছে তার হারানো প্রাণ। ২০২২ সালে প্রণীত ‘জলাভূমি সুরক্ষা আইন’ এই রূপান্তরের এক মাইলফলক। এর পাশাপাশি, স্থানীয় পর্যায়ে কঠোর সুরক্ষা বিধিমালা ও পরিকল্পনা গ্রহণ করে ৪২ লাখ হেক্টরেরও বেশি জলাভূমিকে আনা হয়েছে সুরক্ষার ছাতার নিচে। গড়ে তোলা হয়েছে ২৮টি উচ্চস্তরের প্রকৃতি সংরক্ষণাগার এবং ২০০টির বেশি সুরক্ষিত এলাকা—যা বন্যপ্রাণীদের জন্য নিশ্চিত করছে নিরাপদ আশ্রয়।

শুধু আইন নয়, বাস্তব কাজেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কৃষিজমি ও চারণভূমিকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে জলাভূমিতে। চালু হয়েছে পরিবেশগত পানি সরবরাহ, উদ্ভিদ পুনর্গঠন, এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের নানা প্রকল্প। আইবি হ্রদ আজ আর ধুলিঝড়ের উৎস নয়—বরং এক সবুজ মরূদ্যান। মানস জলাভূমিতে প্রতি বছর ভিড় করে রাজহাঁস, আর এমিন নদীর বরফ গলে তৈরি হয় পাখিদের খাদ্যের ক্ষেত্র—এক উষ্ণ আশ্রয়, শীতের মাঝেও।

এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি। স্যাটেলাইট রিমোট সেন্সিং, ড্রোন টহল, ইনফ্রারেড ক্যামেরা—সব মিলিয়ে গড়ে উঠেছে ‘আকাশ-ভূমি সমন্বিত’ পর্যবেক্ষণ ব্যবস্থা। শতাধিক মনিটরিং স্টেশন থেকে রিয়েল-টাইমে নজর রাখা হচ্ছে পাখিদের চলাচল। আহত পাখিদের জন্য রয়েছে উদ্ধারকেন্দ্র, আর উন্নত আবাসস্থল ও খাদ্যশৃঙ্খল নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ।

আইনের কঠোর প্রয়োগ এবং জনসম্পৃক্ততা এই প্রচেষ্টাকে দিয়েছে আরও শক্ত ভিত। অবৈধ শিকার বা জলাভূমি ধ্বংসের বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। স্থানীয় মানুষ, স্বেচ্ছাসেবক, এমনকি পশুপালকরাও এখন হয়ে উঠেছেন পরিবেশের রক্ষক। পরিবেশবান্ধব শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয়দের অর্থনৈতিক লাভের পথও খুলে দেওয়া হয়েছে—যেখানে সুরক্ষা আর উন্নয়ন পাশাপাশি হাঁটে।

আজ সিনচিয়াংয়ের আকাশে যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়, তখন তা শুধু একটি মৌসুমি দৃশ্য নয়—এটি এক সফলতার প্রতীক। প্রকৃতি যেন নিজেই স্বীকৃতি দিচ্ছে মানুষের প্রচেষ্টাকে। পরিযায়ী পাখিদের এই ফিরে আসা প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সম্মিলিত প্রয়াস থাকলে মানুষ ও প্রকৃতি একসঙ্গে বাঁচতে পারে—সামঞ্জস্যে, সৌন্দর্যে, আর স্থায়িত্বে।

সিনচিয়াং আজ শুধু একটি অঞ্চল নয়, এটি এক জীবন্ত উদাহরণ—কীভাবে পরিবেশ রক্ষা আর উন্নয়ন হাত ধরাধরি করে এগিয়ে যেতে পারে, আর কেমন করে সবুজ ভবিষ্যতের পথে লেখা যায় নতুন এক অনুপ্রেরণার গল্প।

লেখক: সংবাদকর্মী, সিএমজি বাংলা, বেইজিং

(ডালমেশিয়ান পেলিকান)

(সাদা লেজের ঈগল)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.