মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভিয়েতনামের মধ্যে কূটনীতি, প্রতিরক্ষা এবং জননিরাপত্তা বিষয়ক প্রথম ‘৩+৩’ মন্ত্রীপর্যায়ের কৌশলগত সংলাপ সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় গভীরতর করতে এবং রাজনৈতিক ব্যবস্থার নিরাপত্তা রক্ষায় এটি বিশ্বের প্রথম এই ধরনের কোনো দ্বিপক্ষীয় প্ল্যাটফর্ম।
বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়াং শিয়াওহোং এবং জাতীয় প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। অন্যদিকে ভিয়েতনামের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং, প্রতিরক্ষামন্ত্রী ফান ভান গিয়াং এবং জননিরাপত্তা মন্ত্রী লুয়ং তাম কুয়াং।
ওয়াং ই এই সংলাপকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, এটি কেবল দুই দেশের স্বার্থেই নয়, বরং বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
বৈঠকে দুই পক্ষ আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন, রাজনৈতিক নিরাপত্তা রক্ষা এবং প্রতিরক্ষা ও আইন প্রয়োগকারী সহযোগিতার বিষয়ে গভীর আলোচনা করেন।
ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান অনিশ্চিত আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সংহতি ও সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। তারা চীনের সাথে উচ্চপর্যায়ের বিনিময় এবং বহুপাক্ষিক সমন্বয় জোরদার করে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া