আগামী পাঁচ বছরের জন্য (২০২৬–২০৩০) দেশের প্রধান উন্নয়ন লক্ষ্য ও পরিকল্পনা ঘোষণা করেছে চীন। বৃহস্পতিবার সরকারের কর্মপরিকল্পনা প্রতিবেদন দেশটির শীর্ষ আইনসভায় উপস্থাপন করা হলে এসব লক্ষ্য সামনে আনা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আগামী পাঁচ বছরে চীন তাদের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি একটি উপযুক্ত সীমার মধ্যে ধরে রাখতে চায়। বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রতি বছরের প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে ২০২০ সালের তুলনায় মাথাপিছু জিডিপি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনের ভিত্তি তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর ফলে চীনকে একটি মাঝারি উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্ভাবন ও সবুজ উন্নয়নকে এগিয়ে নিতে দেশটি গবেষণা ও উন্নয়ন ব্যয়ে বছরে গড়ে কমপক্ষে ৭ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে জিডিপির প্রতি ইউনিটে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ১৭ শতাংশ কমানোর পরিকল্পনাও রয়েছে।
এছাড়া ডিজিটাল অর্থনীতির মূল শিল্পগুলোর মূল্য সংযোজন জিডিপির ১২.৫ শতাংশে উন্নীত করা এবং গড় আয়ু ৮০ বছরে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য বাস্তবায়নে চীন ছয়টি খাতে মোট ১০৯টি বড় প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
এর মধ্যে নতুন ধরনের উৎপাদনশীল শক্তি বিকাশ থেকে শুরু করে জনকল্যাণ নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
ঐশী/জেনিফার তথ্য ও ছবি : সিনহুয়া