চীন জাপান থেকে সামুদ্রিক ও জলজ পণ্যের আমদানিতে আইন ও বিধি অনুযায়ী কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাও নিং জানান, সম্প্রতি জাপান থেকে চীনে স্ক্যালপ রপ্তানি পুনরায় শুরু হয়েছে, যা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দূষিত পানি সমুদ্রে ছাড়ার পর দুই বছর আগে আরোপিত চীনের নিষেধাজ্ঞার পর প্রথম চালান। তিনি বলেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে, যাতে জাপান ফুকুশিমা দূষিত পানি নিঃসরণের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে এবং সেই প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চীনের নিজস্ব নমুনা সংগ্রহ ও তদারকির সুযোগ নিশ্চিত করে।
মাও নিং আরও বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাপানি জলজ পণ্যের আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে। কোনো ঝুঁকি শনাক্ত হলে আইন অনুযায়ী অবিলম্বে আমদানি সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি