এক শতাব্দী ধরে বিলুপ্ত বলে ধারণা করা একটি স্বাদুপানির শামুকের অস্তিত্ব পাওয়া গেছে চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন এলাকায়। চীনা বিজ্ঞান একাডেমির অধীনে থাকা খুনমিং ইনস্টিটিউট অব জুওলজির একটি গবেষক দল শামুকটি চিহ্নিত করেন।
বিস্তারিত আকৃতি বিশ্লেষণ এবং জিনগত পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, শামুকটি ইয়াওয়াংগিয়া লি প্রজাতির। এই প্রজাতিটি ইয়ুননান অঞ্চলের উচ্চভূমির স্থির পানিতে বসবাসকারী আরেকটি শামুকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
গবেষক চাং লেচিয়া জানান, এই শামুকের অস্তিত্ব আগে শুধু কুইলিন এলাকার গুহায় পাওয়া চতুর্থ যুগের ফসিলের মাধ্যমে জানা ছিল। এতদিনের ধারণা ছিল, ১০০ বছর ধরে এটি বিলুপ্ত।
গত বছরের শেষ দিকে গবেষণা দলটি কুইলিন শহরের কাছের একটি নদীতে খুব ছোট আকারের এ প্রজাতির বেশ কয়েকটি শামুকের সন্ধান পায়। তাদের খোলসের গঠন মিলে যায় আগের সেই ফসিলের সঙ্গে।
সূত্র: সিএমজি