চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে শিয়াং বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক, চীন সবসময় সত্যিকারের বহুপাক্ষিকতার পক্ষে থাকবে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে জলবায়ু সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে এ মন্তব্য করেন তিং। তিং বলেন, এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে চীন-জাতিসংঘ সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে।
তিনি আরও জানান, চীন উচ্চ গুণগতসম্পন্ন, সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে এবং নিজেদের উন্নয়ন অভিজ্ঞতার মাধ্যমে অন্যান্য দেশকেও সবুজ রূপান্তরে সহায়তা দিচ্ছে। অন্যদিকে, মহাসচিব গুতেরেস চীনের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জলবায়ু মোকাবিলায় চীনের অর্জনের প্রশংসা করেন।
ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন