চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (মঙ্গলবার), ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছির সাথে এক ফোনালাপে মিলিত হন। এ সময় ওয়াং ই বলেন, চীন ইরানের সাথে সম্পর্কের উন্নয়নের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়।
বেইজিং, দু’দেশের রাষ্ট্র-প্রধানদের মতৈক্য অনুসারে, উন্নয়নের জন্য যৌথ পরিকল্পনা করতে, পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে, এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নিতে, তেহরানের সাথে কাজ করে যেতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, চীন ইরানসহ আন্তর্জাতিক সমাজের সাথে আরও ন্যায়সঙ্গত ও যুক্তসংগত বিশ্ব প্রশাসনব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে।
জবাবে আরাঘছি বলেন, ইরান দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠতর করতে, সহযোগিতামূলক সুপ্তশক্তি অন্বেষণ করতে, এবং দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন দিয়ে যেতে ইচ্ছুক। ইরান বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে চীনের অবস্থানের প্রশংসা করে এবং দু’পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। এ ছাড়া, তাঁরা ইরানের পরমাণু বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন।
(প্রেমা/আলিম/ছাই)