মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) মেয়াদে আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ সতর্কতা ব্যবস্থাকে আরও উন্নত করতে উচ্চপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির আবহাওয়া প্রশাসনের পরিচালক ছেন চেনলিন।
ওয়াল্র্ড মিটিওরোলজিক্যাল দিবস উপলক্ষে সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চরম আবহাওয়ার নজরদারি আরও নির্ভুল করা এবং আগাম সতর্কবার্তার সময় বাড়ানো হবে।
ছেন জানান, ২০৩০ সালের মধ্যে চীন নতুন প্রজন্মের স্বল্পমেয়াদি সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা দুর্যোগ শনাক্তকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে।
গত বছর চীনের বিভিন্ন অঞ্চলে খরা ও বন্যার দ্রুত পালাবদল, তাপমাত্রার চরম ওঠানামাসহ চরম আবহাওয়া দেখা গেছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যে, ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৪১ দশমিক ৬২ বিলিয়ন ইউয়ান।
চীন ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ও সমন্বিত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে। বর্তমানে কক্ষপথে ১০টি ফেংইয়ুন আবহাওয়া স্যাটেলাইট কার্যকর রয়েছে।
এছাড়া, চীনের এআই-চালিত ‘এমএজেডইউ’ আগাম সতর্কতা ব্যবস্থা ৪০টির বেশি দেশ ও অঞ্চলে ব্যবহৃত হচ্ছে।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: চায়না ডেইলি