ইরানের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পাঁচ দিনের জন্য সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে গঠনমূলক আলোচনার দাবি করে সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি এ কথা জানান। তবে, আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী প্রশ্নে শনিবার ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে না দিলে দেশটির জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রে নজিরবিহীন হামলা চালাবে তার বাহিনী। জবাবে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর একই ধরনের স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়ে তেহরান জানায়, ওয়াশিংটন এমন ভুল করলে হরমুজ প্রণালী পুরোপুরি অচল করে দেওয়া হবে।
পরে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরান প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাঁচদিনের জন্য হামলার সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন তিনি।
ট্রাম্পের এমন কথার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলাপ হয়নি। মিত্র দেশগুলো সম্প্রতি যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়ে ইরানকে বার্তা পাঠিয়েছে, কিন্তু তেহরান তাতে সাড়া দেয়নি।বাঘাই আরও জানান, হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের অবস্থান এবং যুদ্ধ শেষ করার শর্তে কোনো পরিবর্তন আসেনি।
সূত্র: সিএমজি