এপ্রিল ১: উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল 'ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া'র নবম কংগ্রেস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অন্যতম শীর্ষ নেতা লি শুলেই। মঙ্গলবার বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং দলের প্রচার বিভাগের প্রধান লি শুলেই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট ও সিপিসি সাধারণ সম্পাদক সি চিন পিং এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উত্তর কোরিয়ার এই সফল রাজনৈতিক আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
লি শুলেই বলেন, চীন ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে বেইজিং বদ্ধপরিকর। তিনি কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করা এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও কল্যাণ বৃদ্ধির ওপর জোর দেন। একইসঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখার জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে চীনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি রিয়ং নাম বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের ইচ্ছা অনুযায়ী সমাজতন্ত্রের অগ্রযাত্রায় চীনের সাথে ঐক্য ও সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী পিয়ংইয়ং।
সূত্র: সিএমজি