মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়ার দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের বৈশ্বিক কেন্দ্র—এমনটাই জানিয়েছে বোয়াও ফোরাম ফর এশিয়া প্রকাশিত এক প্রতিবেদনে।
মঙ্গলবার প্রকাশিত ‘এশিয়ান ইকনোমিক আউটলুক অ্যান্ড ইন্টিগ্রেশন প্রগ্রেস অ্যানুয়াল রিপোর্ট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিপুল ডিজিটাল জনসংখ্যা, বহুমুখী অ্যাপ্লিকেশন ইকোসিস্টেম এবং সুসংগঠিত নীতিমালার সুবিধা কাজে লাগিয়ে এশিয়ার অর্থনীতিগুলো দ্রুতই এআই ক্ষেত্রে অনুসারী থেকে নেতৃত্বের ভূমিকায় উন্নীত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পর্যায়ের দেশগুলোর মধ্যে চীন ইতোমধ্যে পূর্ণাঙ্গ শিল্পচেইন গড়ে তুলে বৃহৎ পরিসরে এআই প্রয়োগের সক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে, জাপান ও দক্ষিণ কোরিয়া উচ্চপ্রযুক্তির উৎপাদন ও শিল্প স্বয়ংক্রিয়তায় মনোযোগ দিচ্ছে। অ্যাপ্লিকেশনভিত্তিক উন্নয়নের মডেল হিসেবে শাসনব্যবস্থার উদ্ভাবন ও প্ল্যাটফর্ম হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিঙ্গাপুর।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার এই ‘বুদ্ধিবৃত্তিক উত্থান’-এর পেছনে রয়েছে একাধিক চালিকা শক্তি—জাতীয় পর্যায়ের নীতিগত সহায়তা, ‘অ্যাপ্লিকেশন-ডাটা-উন্নয়ন’ চক্রের দ্রুত বিকাশ, এবং মূল শিল্পগুলোর সঙ্গে গভীর সংযুক্তি।
প্রতিবেদনটি আরও জানায়, প্রযুক্তিগত সমাধান ও বাস্তব প্রয়োগের অভিজ্ঞতা বিদেশে রপ্তানির মাধ্যমে এশিয়ার দেশগুলো এখন আর শুধু নিয়ম অনুসরণকারী নয়; বরং বৈশ্বিক নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠছে।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: সিজিটিএন