কেনিয়া ও বৃহত্তর আফ্রিকান অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। সোমবার নাইরোবিতে অনুষ্ঠিত চীন-কেনিয়া বিজনেস ফোরামে এ কথা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।
হান বলেন, গত বছরের এপ্রিলে সি চিনপিং এবং উইলিয়াম রুটো দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন যুগের জন্য অভিন্ন ভবিষ্যতের চীন-কেনিয়া কমিউনিটি’ পর্যায়ে উন্নীত করতে সম্মত হন। এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে হান তিনটি প্রস্তাব তুলে ধরেন। কৌশলগত পারস্পরিক আস্থা সুসংহত করা, পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও গভীর করা এবং বহুপাক্ষিকতা সমুন্নত রাখা।
হান উল্লেখ করেন, প্রেসিডেন্ট সি ঘোষণা করেছেন যে আগামী ১ মে থেকে চীন, কূটনৈতিক সম্পর্কযুক্ত ৫৩টি আফ্রিকান দেশের সব পণ্যের ওপর শূন্য-শুল্ক নীতি চালু করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে চীন।
ফোরামের আগে, হান কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট কিথুরে কিনডিকির সঙ্গে বৈঠকে বলেন, চীন কেনিয়াকে তার জাতীয় বাস্তবতার উপযোগী উন্নয়নপথ অনুসরণে সমর্থন করে এবং চীনা বাজারে কেনিয়ার উচ্চমানের পণ্যের রপ্তানি বাড়াতে আগ্রহী।
এ সময় কিনডিকি বলেন, কেনিয়া চীনে রপ্তানি বাড়ানো, ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা, প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা এবং বৃহত্তর আফ্রিকান বাজারে চীনের প্রবেশদ্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শূন্য-শুল্ক নীতির সুযোগ কাজে লাগাতে চায়।
সূত্র: সিএমজি