গাজীপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা প্রশাসনের কাছে পৌঁছে যায়। তাই আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলে সম্মিলিতভাবে কাজ করলেই গাজীপুরকে আধুনিক ও জনবান্ধব জেলায় রূপান্তর করা সম্ভব।'
দায়িত্ব গ্রহণের পর এটিই ছিলো তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা, যেখানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও এডিসি (জেনারেল) মো: শাহরিয়ার নাজিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম, দিনকাল পত্রিকার দেলোয়ার হোসেন, যুগান্তরের প্রতিনিধি শাহ শামসুল হক রিপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের নানা সমস্যা তুলে ধরে গঠনমূলক পরামর্শ দেন। তারা প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জবাবে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার। জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা শেষে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার নতুন অঙ্গীকারে সভার সমাপ্তি ঘটে।