মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মু. সালাহউদ্দিন আইউবী'র উদ্যোগে আয়োজিত 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান' শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০ টায় কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক মু. সালাহউদ্দিন আইউবী এমপি।
এম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, অধ্যাপক ও গবেষক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।
এ বিষয়ে মু. সালাহউদ্দিন আইউবী এমপি বলেন, 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। এ বিষয়ের উপর পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়। লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।'
তিনি আরো বলেন, 'আগামী ১৬ ডিসেম্বর (২০২৬) এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।'