গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার এই নিয়োগের খবরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ 'জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
জানা যায়, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে, একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় গাজীপুর জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তবে সাধারণ মানুষের ধারণা যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।