এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে চীনের সহায়তায় বাস্তবায়িত একটি কৃষি প্রকল্পের প্রশংসা করেছেন, যা দেশটির গ্রামীণ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
সম্প্রতি তিনি ইস্টার্ন হাইল্যান্ডস প্রদেশের গোরোকায় অবস্থিত একটি চুনছাও প্রযুক্তি প্রকল্প পরিদর্শন করেন।
এই প্রকল্পটি চীনের উদ্ভাবিত চুনছাও ঘাস এবং উচ্চভূমির ধান চাষ প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। চুনছাও মূলত এক ধরনের সংকর ঘাস, যা প্রথমে মাশরুম চাষে ব্যবহৃত হলেও বর্তমানে এটি বহুমুখী কৃষি সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মারাপে চীনা সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই প্রযুক্তি দেশজুড়ে ছড়িয়ে দিতে সরকার কাজ করে যাবে, যাতে আরও বেশি কৃষক এর সুফল পেতে পারেন।
তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী কৃষি উদ্যোগ পাপুয়া নিউগিনির কৃষিখাতকে আধুনিকায়নের দিকে এগিয়ে নেবে।
উল্লেখ্য, চীনের সহায়তায় নির্মিত এই চুনছাও প্রযুক্তি ও উচ্চভূমির ধান প্রকল্পটি ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চীন-পাপুয়া নিউগিনি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই প্রকল্পটি ১ দশমিক ৬৮ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত।
আজাদ/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া