এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের পানি সম্পদমন্ত্রী মো.শহিদউদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবারের সাক্ষাতকারে বাংলাদেশ-চীন পানিসম্পদ খাতে সহযোগিতা নিয়ে তাদের বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও জানান, চীন ভবিষ্যতে জলবিদ্যুৎ তথ্য আদান-প্রদান, বন্যা পূর্বাভাস, জনবল প্রশিক্ষণ, পানি ব্যবস্থাপনা এবং পানিসম্পদ অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়।
পানি সম্পদমন্ত্রী মো.শহিদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পানিসম্পদ খাতে সহযোগিতা বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও বাস্তবমুখী সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন, যা উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।
সূত্র: সিএমজি