এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: বুলগেরিয়ার মহাকাশ বিজ্ঞানীরা চীনের সঙ্গে তাদের ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করেছেন। বুধবার দেশটির রাজধানী সোফিয়ায় বুলগেরিয়ান বিজ্ঞান একাডেমির মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
মানব মহাকাশযাত্রা আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক জর্জি জেলেভ এবং ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক সম্পাদক জর্জি সোটিরভ।
জেলেভ বলেন, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং নাসার সঙ্গে কাজ করার পাশাপাশি তাদের প্রতিষ্ঠান চীনের বৈজ্ঞানিক সংস্থাগুলোর সঙ্গেও সহযোগিতা করছে। এর মধ্যে চাঁদে ঘাঁটি নির্মাণের পরিকল্পনাসংক্রান্ত একটি প্রকল্পও রয়েছে।
সোটিরভ জানান, ২০১৩ সালে বুলগেরিয়ার এই ইনস্টিটিউট এবং চীনের চেচিয়াং প্রদেশের নিংবো শহরের একটি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা স্মারক সই হয়। এর মাধ্যমে নগর পরিবেশে মানববিহীন আকাশযান ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণায় তারা অংশ নিচ্ছে।
সোটিরভ আরও জানান, ইনস্টিটিউটটি চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের সঙ্গে যৌথ প্রকল্পে অংশগ্রহণের জন্য একটি চুক্তি করেছে এবং চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ গবেষণার সঙ্গেও
সহযোগিতা করছে।
এ ছাড়া, ইনস্টিটিউটটিতে চীনের মহাকাশ স্টেশনের একটি মডেল প্রদর্শন করা হয়েছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন