চার দিনের সরকারি সফরে চীনের সানইয়ায় অবস্থান করছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার শুরু হওয়া এ সফরের লক্ষ্য ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া।
সফরের প্রথম দিনেই হাইনান প্রদেশের ভাইস গভর্নর সিয়ে চিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক ছেন থিয়েচুন এবং সানইয়া সিটির ভাইস মেয়র ফ্যান ওয়েইচংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি জোরদার এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে সার্ফিং, শুটিং, ভলিবল ও টেবিল টেনিসের মতো খেলায় কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ কোচ বিনিময় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ভবিষ্যৎ ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়। একই সঙ্গে চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটে সাফল্যের প্রশংসা করে বাংলাদেশ থেকে দক্ষ ক্রিকেট কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নাহার/ফয়সল