দীর্ঘ সাত দশকেরও বেশি সময় পর দেশে ফিরছেন কোরীয় যুদ্ধে শহীদ হওয়া আরও ১২ জন চীনা বীর সেনা। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমানবন্দরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই শহীদদের দেহাবশেষ এবং তাদের ব্যবহৃত ১৪৬টি ব্যক্তিগত সামগ্রী চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এটি ছিল শহীদ সেনাদের দেহাবশেষ হস্তান্তরের ১৩তম পর্যায়। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ১১ জন সেনার দেহাবশেষ দক্ষিণ কোরিয়া থেকে চীনে ফিরিয়ে আনা হয়েছে।
১৯৫০ সালে শুরু হওয়া এই যুদ্ধে উত্তর কোরিয়ার অনুরোধে চীন প্রায় ২৯ লাখ 'চাইনিজ পিপলস ভলান্টিয়ার্স' সৈন্য পাঠিয়েছিল। তিন বছর স্থায়ী এই রক্তক্ষয়ী যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি চীনা সেনা হতাহত হয়েছিলেন।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।