এপ্রিল ১: রয়টার্স এবং ইপসোস গ্রুপের যৌথভাবে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ আমেরিকান মনে করেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক অভিযান দ্রুত শেষ করা উচিত। ৩১ মার্চ এই জরিপের ফল প্রকাশ করা হয়।
এই জনমত জরিপটি ২৭ থেকে ২৯ মার্চের মধ্যে এক হাজারেরও বেশি আমেরিকানের মধ্যে নমুনা ভিত্তিতে পরিচালিত হয়েছে। জরিপে দেখা গেছে, প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক অভিযান দ্রুত শেষ করা উচিত, এমনকি মার্কিন সরকার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না-পারলেও।
জরিপে আরও দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানে মার্কিন সামরিক অভিযান সমর্থন করেন না। প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ইরানে মার্কিন সামরিক হামলার পক্ষপাতী নন। এ ছাড়া, দুই-তৃতীয়াংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা অনুমান করছেন আগামী এক বছরে পেট্রোলের দাম আরও বাড়বে। অর্ধেকের বেশি উত্তরদাতা মনে করেন, এই সংঘাত তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
২৮ মার্চ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক জনপ্রতিবাদ ছড়িয়ে পড়ে। দেশটির লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে "যুদ্ধ চাই না" ইত্যাদি স্লোগান দেন। তারা মার্কিন সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানে সামরিক অভিযানের বিরোধিতা করেন।
সূত্র: সিএমজি