ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) সেবা সম্প্রসারণ ও মানসম্মত করতে নতুন নির্দেশিকা জারি করেছে চীন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
জাতীয় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা প্রশাসন, জাতীয় স্বাস্থ্য কমিশন এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন যৌথভাবে এই নির্দেশিকা প্রকাশ করে। এর লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করা এবং টিসিএম সেবার মানোন্নয়ন নিশ্চিত করা।
নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে অন্তত ছয়টি বিভাগে ১০ ধরনের টিসিএম চিকিৎসা পদ্ধতি চালু রাখতে হবে। এর মধ্যে আকুপাংচার, মক্সিবাস্টশন, কাপিং ও ম্যাসাজ অন্তর্ভুক্ত রয়েছে।
নির্দেশিকায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-এর মতো দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনায় টিসিএমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানে মোট চিকিৎসকদের অন্তত ২০ শতাংশ টিসিএম বিশেষজ্ঞ হতে হবে।
সূত্র: সিএমজি