দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিতর্ক শেষে মর্যাদাপূর্ণ ‘গেশে লারাম্পা’ ডিগ্রি অর্জন করেছেন ১৩ বৌদ্ধ ভিক্ষু। রোববার লাসার ঐতিহাসিক জোখাং মন্দিরে এ ডিগ্রি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
‘গেশে লারাম্পা’ তিব্বতি বৌদ্ধধর্মের গেলুগ শাখার সর্বোচ্চ শিক্ষাগত ডিগ্রি, যা আধুনিক শিক্ষাব্যবস্থায় ডক্টরেটের সমমান হিসেবে বিবেচিত। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ২১৫ জন ভিক্ষু এই সম্মানজনক ডিগ্রি লাভ করেছেন।
চলতি বছরের বিতর্কে প্রথম স্থান অর্জন করেছেন ৫৩ বছর বয়সী ভিক্ষু নগাওয়াং লেকশে। টানা ৩৭ বছর ধরে বৌদ্ধ ধর্মগ্রন্থ অধ্যয়ন ও চর্চার পর তিনি এই সম্মান অর্জন করেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি দীর্ঘ ৩৭ বছর বৌদ্ধ শাস্ত্র অধ্যয়নে নিজেকে উৎসর্গ করেছি। ভবিষ্যতে তিব্বতি বৌদ্ধধর্মের চর্চা ও গভীর গবেষণায় আরও মনোনিবেশ করতে চাই।”
তিব্বতি বৌদ্ধ ঐতিহ্যে ‘গেশে লারাম্পা’ ডিগ্রি অর্জন অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য একটি প্রক্রিয়া। একজন ভিক্ষুকে কয়েক দশক ধরে কঠোর অধ্যয়ন, অনুশীলন এবং শাস্ত্রীয় বিতর্কে অংশ নিয়ে নিজের জ্ঞান ও যুক্তির প্রমাণ দিতে হয়। এবারের ১৩ জন ভিক্ষুই সিচাং অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
নাহার/লুৎফর
তথ্য ও ছবি- সিনহুয়া।