এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে ইন্টারনেট অব থিংস বা নানা ধরনের পণ্যসামগ্রীতে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত শিল্পের বাজারমূল্য সাড়ে ৩ ট্রিলিয়ন ইউয়ানের বেশি বাড়ানোর লক্ষ্য নিয়েছে চীন। দেশটির ৯টি সরকারি বিভাগের যৌথ কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এই শিল্পের উদ্ভাবন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে সংবেদন প্রযুক্তি, নেটওয়ার্ক, যোগাযোগ, তথ্য প্রক্রিয়াকরণ এবং নিরাপত্তা প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্লাটফর্মের বুদ্ধিমত্তার মাত্রাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৫০টির বেশি উন্নত ও ব্যবহারযোগ্য মানদণ্ড প্রণয়ন বা সংশোধন করা হবে। পাশাপাশি শত কোটি সংযোগের সক্ষমতাসম্পন্ন ১০টি এবং কোটি কোটি সংযোগের সক্ষমতাসম্পন্ন ১৫টি প্রয়োগক্ষেত্র তৈরি করা হবে।
এ ছাড়া ইন্টারনেট অব থিংস টার্মিনাল প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, পঞ্চম প্রজন্মের মোবাইল যোগাযোগ প্রযুক্তি এবং মানব-কম্পিউটার মিথস্ক্রিয়া প্রযুক্তির গভীর সমন্বয় ত্বরান্বিত করার প্রস্তাব রয়েছে।
সূত্র: সিএমজি