বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের রাজনৈতিক পূর্বশর্ত হলো ‘এক-চীন নীতি’। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ডব্লিউটি ‘র উচ্চপর্যায়ের বৈঠকের ভিসা নথিতে তাইওয়ানকে চীনের প্রদেশ হিসেবে তালিকাভুক্তের পরিপ্রেক্ষিতে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি এ কথা জানান।
লিন চিয়ান বলেন, বৈঠকে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে ডিপিপি কর্তৃপক্ষ, যা ‘অত্যন্ত নিন্দনীয়’। তিনি আরও বলেন, তাদের স্বাধীনতার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তা তাদের জন্য অপমান ডেকে আনবে।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমে চীনের তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণ সবসময় ‘এক-চীন নীতি’ অনুসারেই পরিচালিত হতে হবে—এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট।
লিন চিয়ান বলেন, একতরফাবাদ ও সুরক্ষাবাদ বৃদ্ধির ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং বহুপাক্ষিক বাণিজ্য কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, প্রায় এক দশক পর ডব্লিউটিওর মন্ত্রীপর্যায়ের বৈঠক আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গুরুত্বপূর্ণ। এ আয়োজন সফল করতে চীন ক্যামেরুনকে দৃঢ়ভাবে সমর্থন করছে।
সূত্র: সিএমজি বাংলা