মার্চ ২৪: বেইজিং সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গতকাল (সোমবার) চীনের কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বিষয়ক দপ্তরের পরিচালক ওয়াং ই’র সাথে বৈঠক করেছেন।
বৈঠককালে ওয়াং ই বলেন, উভয় দেশের শীর্ষ নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আদান-প্রদান বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা গভীরতর করতে দু’পক্ষ কাজ করবে। এর ফলে মতভেদ নিরসন করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জোনাথন পাওয়েল বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের সাফল্যগুলো বাস্তবে রূপ দিতে তাঁর দেশ বেইজিংয়ের সাথে সহযোগিতা জোরদারে আগ্রহী। তিনি একটি দীর্ঘস্থায়ী, স্থিতিশীল ও সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইরান পরিস্থিতি এবং ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করা হয়। ওয়াং ই উল্লেখ করেন, ইরান পরিস্থিতির আঞ্চলিক প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যুদ্ধ কেবল প্রাণহানিই বাড়িয়ে তুলবে। তাই সমস্যা সমাধানে সকল পক্ষকে সংলাপ ও আলোচনার রাজনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)