মধ্যপ্রাচ্য সফর শেষে সোমবার চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত চাই চুন আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তির প্রতি অঙ্গীকার বজায় রেখে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
সফরকালে আঞ্চলিক দেশগুলোর কাছে চীনের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেছেন উল্লেখ করে- সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ যা হওয়া উচিত ছিল না। যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণ শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করছিল এবং ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সর্বশেষ দফা চলছিল, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করে যুদ্ধ শুরু করে কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়, যা অত্যন্ত দুঃখজনক‘।
চাই চুন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর অনুমোদন ছাড়াই ইরান-এর ওপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।’
তিনি সংঘাতের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘যুদ্ধবিরতি বাস্তবায়নই এখন অগ্রাধিকার। সংঘাতের মাত্রা ইতোমধ্যে গত বছরের ১২ দিনের যুদ্ধকেও ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করা।’
সূত্র: সিএমজি