এপ্রিল ১: ‘লিচিয়ান-২ ওয়াই১’ ক্যারিয়ার রকেটের সাহায্যে পরবর্তী প্রজন্মের সাশ্রয়ী কার্গো মহাকাশযান ‘ছিংচৌ’য়ের একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন।
বর্তমানে মহাকাশযানটি কক্ষপথের মূল প্রযুক্তিগুলোর কার্যকারিতা যাচাইয়ের কাজ করছে।
‘ছিংচৌ’ নামের বাংলা অর্থ হলো ‘হালকা তরী’। এটি মূলত চীনের নিজস্ব থিয়ানকং মহাকাশ স্টেশনে রসদ সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। বর্তমানের ‘থিয়ানচৌ’ কার্গো মহাকাশযানের তুলনায় এটি অনেক বেশি হালকা, সাশ্রয়ী। চীনের বিজ্ঞান একাডেমির মাইক্রোস্যাটেলাইট উদ্ভাবন একাডেমি এই যানটি তৈরি করেছে। ৪.২ টন ওজনের এই পরীক্ষামূলক মহাকাশযানটি ১.০২ টন ওজনের মোট ২৭টি বৈজ্ঞানিক প্রকল্প বহন করে নিয়ে গেছে।
এটি ২০০ থেকে ৬০০ কিলোমিটার উচ্চতায় থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। যানটির মূল কাঠামোতে দুটি অংশ রয়েছে—একটি চাপযুক্ত মডিউল যা নভোচারীদের রসদ ও গবেষণার জন্য ব্যবহৃত হবে, এবং একটি চাপহীন পেছনের অংশ যা বাহ্যিক পেলোড বহনে সক্ষম।
কার্গো রাখার জন্য এতে রয়েছে ২৭ কিউবিক মিটার জায়গা। এছাড়া বিশেষ পচনশীল পণ্য বা বৈজ্ঞানিক নমুনার জন্য এতে ৫টি মডুলার 'স্পেস রেফ্রিজারেটর' বা ফ্রিজ রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা ৬০ লিটার।
বিশেষজ্ঞদের মতে, এই প্রোটোটাইপটির সফল উৎক্ষেপণ পূর্ণাঙ্গ মডেল তৈরির পথে এক বড় পদক্ষেপ। এটি ভবিষ্যতে থিয়ানকং মহাকাশ স্টেশনে পণ্য পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং মহাকাশ গবেষণার সরঞ্জাম সরবরাহে আরও গতি আনবে।
সূত্র: সিএমজি