এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মেগাওয়াট-শ্রেণির হাইড্রোজেন চালিত টার্বোপ্রপ ইঞ্জিনবিশিষ্ট একটি কার্গো বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে চীন।
বিশ্বের ইতিহাসে মেগাওয়াট-শ্রেণির হাইড্রোজেন-জ্বালানি চালিত টার্বোপ্রপ ইঞ্জিনের এটিই প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। সাড়ে সাত টন ওজনের এই বিশাল কার্গো বিমানটিতে ব্যবহার করা হয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইপি১০০’ ইঞ্জিন।
মোট ১৬ মিনিটের পরীক্ষামূলক ফ্লাইটে বিমানটি ২২০ কিলোমিটার ঘণ্টা গতিতে মোট ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে। উড্ডয়নকালে এটি ৩০০ মিটার উচ্চতায় অবস্থান করছিল।
নির্ধারিত সব কৌশলগত মহড়া শেষে বিমানটি নিরাপদে অবতরণ করে। ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠান 'অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অফ চায়না' জানিয়েছে, উড্ডয়নে ইঞ্জিনের কর্মক্ষমতা স্বাভাবিক ও সন্তোষজনক ছিল।
বিশেষজ্ঞদের মতে, গ্রিন হাইড্রোজেন উৎপাদন খরচ কমে আসায় এই ধরণের ইঞ্জিনগুলো ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক দিক থেকে ব্যাপক লাভজনক হবে। প্রাথমিকভাবে এই প্রযুক্তি ড্রোনভিত্তিক পণ্য পরিবহন ও দ্বীপ অঞ্চলের লজিস্টিকস ব্যবসায় ব্যবহার করা হবে। পরবর্তীতে এটি যাত্রীবাহী বড় বিমানেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিজিটিএন