মার্চ ২৪: লানছাং-মেকং সহযোগিতার নেতাদের প্রথম শীর্ষ সম্মেলনের ১০ম বার্ষিকী উপলক্ষে গতকাল (সোমবার) বেইজিংয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অনুষ্ঠানে তিনি দেশগুলোর প্রতি অভিনন্দনবার্তা প্রদান করেন। মেকং নদী সংলগ্ন ৫টি দেশের রাষ্ট্রদূত, চীনে নিযুক্ত আসিয়ান ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং বিভিন্ন থিংক-ট্যাঙ্কের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়াং ই বলেন, বিগত ১০ বছরে লানছাং-মেকং সহযোগিতার অভাবনীয় সাফল্যের মূল ভিত্তি হলো সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব এবং ‘অভিন্ন নিয়তি’ বজায় রাখা। জনগণের কল্যাণে উদ্ভাবনী পদক্ষেপ এবং উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার ফলেই এই সমৃদ্ধি সম্ভব হয়েছে। বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলো নতুন নির্মাণ কাজে হাত দিয়েছে। পারস্পরিক যোগাযোগ ও সংযোগ জোরদারের মাধ্যমে এই সহযোগিতার একটি নতুন মানদণ্ড স্থাপন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, চীন সৌহার্দ্য, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা এবং অন্তর্ভুক্তিমূলক কূটনৈতিক নীতির ভিত্তিতে মেকং নদী সংলগ্ন ৫টি দেশের সাথে সহযোগিতার এক ‘নতুন সোনালি দশক’ উন্মোচন করতে চায়। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলে বিশ্ব শান্তিতে অবদান রাখাই চীনের লক্ষ্য।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)