এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে সম্প্রতি রাষ্ট্রপরিষদের এক ডিক্রিতে শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন বিধিমালা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বিধিমালায় শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা সংক্রান্ত কাজের নীতিমালা স্পষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীল ও নির্বিঘ্ন কার্যক্রম বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ খাতে মূল প্রযুক্তি গবেষণাকে সমর্থন করা।
এতে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ খাতে কাঁচামাল, প্রযুক্তি, যন্ত্রপাতি ও পণ্যের স্থিতিশীল উৎপাদন, সঞ্চালন ও ধারাবাহিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো উন্নত করা হবে।
এ ছাড়া বিধিমালায় উল্লেখ করা হয়েছে, শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা রক্ষায় চীন একটি নিরাপত্তা তদন্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। যারা চীনের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ক্ষুণ্ন করে, এই ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট বিভাগগুলো এমন বিদেশি দেশ, অঞ্চল বা আন্তর্জাতিক সংস্থা, কিংবা বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
সূত্র: সিএমজি