মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৫৯ সালের ২৮ মার্চ শুরু হওয়া এই সংস্কারের মাধ্যমে অঞ্চলটিতে সামন্ততান্ত্রিক দাসপ্রথার অবসান ঘটে এবং প্রায় ১০ লাখ মানুষ মুক্তি পায়।
শনিবার এ উপলক্ষে রাজধানী লাসায় ঐতিহাসিক পোতালা প্রাসাদের সামনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ নানা স্মারক কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় জনগণ ঐতিহ্যবাহী তিব্বতি শিল্পকলার মাধ্যমে অতীতের স্মৃতি ও বর্তমানের সাফল্য উদযাপন করে।
গত ৬৭ বছরে সিচাং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। ২০২৫ সালে অঞ্চলের বাসিন্দাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬০০ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৭.২ শতাংশ বেশি।
অঞ্চলটিতে মালভূমি উপযোগী কৃষি ও পশুপালন শিল্পের বিকাশ ঘটেছে, যেখানে মাংস, ডিম, দুধ ও সবজির উৎপাদন এক মিলিয়ন টনের বেশি ছাড়িয়েছে। পাশাপাশি, পরিচ্ছন্ন জ্বালানি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং ২০২৫ সালের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ চীনের ১৯টি প্রাদেশিক অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
নিয়িংছি শহরের গালাই গ্রাম এই উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ। মনোরম পিচ ফুলের বাগানের জন্য পরিচিত এই গ্রামটি গ্রামীণ পর্যটনের মাধ্যমে গত বছর ৮.৬ মিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে। স্থানীয়দের মতে, পর্যটন আয়ের ফলে প্রতিটি পরিবার গড়ে ৮০ থেকে ৯০ হাজার ইউয়ান পর্যন্ত উপার্জন করেছে।
আগামী দিনের উন্নয়ন পরিকল্পনায় কৃষি, পশুপালন, সাংস্কৃতিক পর্যটন ও আধুনিক সেবাসহ মোট নয়টি প্রধান খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, ২০০টি সুন্দর ও সমন্বিত গ্রাম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা মানুষের জীবনমান আরও উন্নত করবে।
বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক উন্নয়ন শিচাংকে একটি টেকসই ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করছে।
ঐশী/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি