মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: উন্মুক্ততা ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে নতুন বাজারের সুযোগ সৃষ্টি এবং সুস্থ ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজার ব্যবস্থা বজায় রাখার ওপর জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার সময় লি এই মন্তব্য করেন।
তিনি বলেন, চীনের উচ্চমানের উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের জন্য উন্নয়নের সুযোগ তৈরি করে যাবে। একপাক্ষিকতা ও সংরক্ষণবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, অন্যদিকে সহযোগিতা ও উন্নয়নের পক্ষে থাকা শক্তিগুলো ক্রমাগত শক্তিশালী হচ্ছে।
লি ছিয়াং বলেন, আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিঘ্নিত হচ্ছে। অনেক দেশ বৈশ্বিক শাসনে সক্রিয়ভাবে সংস্কার ও উন্নতি করছে আবার কিছু দেশ স্বেচ্ছাচারী ও বেপরোয়া আচরণের মাধ্যমে ক্ষমতার রাজনীতি করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার মূল পর্যবেক্ষণগুলো তুলে ধরে বলেন,
বাজার একটি দুষ্প্রাপ্য সম্পদে পরিণত হয়েছে, তবুও একে ক্রমাগত প্রসারিত করা সম্ভব।
উন্নয়নে প্রতিযোগিতা অনিবার্য হলেও সুস্থ প্রতিযোগিতা ও সহযোগিতা উভয় পক্ষের জন্য লাভজনক ফলাফল বয়ে আনতে পারে।
তিনি আরও বলেন, সামনের পথ চ্যালেঞ্জিং হলেও উজ্জ্বল ভবিষ্যৎ ক্রমশ নাগালের মধ্যে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের শিল্প ও ব্যবসায়িক মহলের প্রায় ৭৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফোরামটির আয়োজন করেছে স্টেট কাউন্সিলের উন্নয়ন গবেষণা কেন্দ্র।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া