চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পার্টির সাবেক নেতৃস্থানীয় ব্যক্তি হু ইয়াওবাংয়ের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সিম্পোজিয়াম আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট সি চিনপিং।
হু ইয়াওবাংয়ের সৎ, দৃঢ় এবং জনমুখী নেতৃত্বকে স্মরণ করে সি বলেন—পার্টির সদস্যদের সমস্ত ক্ষেত্রে অগ্রগতির জন্য হু’র অনুকরণে পরিশ্রম করতে হবে। সি বলেন, ‘হু ছিলেন বাস্তবভিত্তিক কাজের একজন অনুসারী; তাই পার্টি সদস্যদের সত্য অনুসন্ধানের নীতি ধরে রাখতে হবে এবং সত্যের পথে অবিচল থাকতে হবে। হু সংস্কার ও উন্মুক্তকরণ নীতির প্রবক্তা ছিলেন—উল্লেখ করে সি যোগ করেন, পার্টির সদস্যদের সংস্কারকে আরও গভীর করতে এবং সমাজের প্রাণশক্তি বাড়াতে কাজ করে যেতে হবে।
এ ছাড়াও প্রেসিডেন্ট উল্লেখ করেন, হু পার্টির শৃঙ্খলা ও আচরণ সংশোধনে বিশেষ গুরুত্ব দিতেন। তাই সকল পার্টি সদস্য, বিশেষত নেতৃস্থানীয় কর্মকর্তাদের সততা বজায় রাখা, ন্যায়পরায়ণ থাকা এবং দুর্নীতি থেকে দূরে থাকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। সিম্পোজিয়ামের সভাপতিত্ব করেন সিপিসি রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছাই ছি।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া