এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে 'ক্যান্টন ফেয়ার' নামে পরিচিত আসন্ন ১৩৯তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বিদেশি ক্রেতার প্রাক নিবন্ধন ছাড়ালো ১ লাখ ৯০ হাজার। মেলা শুরুর আগেই এই বিশাল সংখ্যক আবেদন বিশ্বব্যাপি এই ইভেন্টের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।
মোট নিবন্ধিত বিদেশি ক্রেতাদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজারই এসেছেন চীনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চলগুলো থেকে। ব্যক্তিগত ক্রেতাদের পাশাপাশি বড় বড় প্রতিষ্ঠানের আগ্রহও চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ২৮৬টি শীর্ষস্থানীয় ক্রয়কারী প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া ১৪৬টি বিদেশি শিল্প ও বাণিজ্যিক সংস্থা তাদের প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই মেলা প্রতি বছর বসন্ত ও শরৎকালে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌতে অনুষ্ঠিত হয়। এটি চীনের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা মূলত দেশটির বৈদেশিক বাণিজ্যের গতিপ্রকৃতি বোঝার প্রধান মাপকাঠি বা ব্যারোমিটার হিসেবে বিবেচিত। এ পর্যন্ত ১৩৮টি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্বের ২২৯টিরও বেশি দেশের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে এই মেলা।
১৩৯তম ক্যান্টন মেলা চলতি বছরের ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৫ মে পর্যন্ত চলবে।
সূত্র: সিএমজি