মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহৎ আকাশ জরিপ টেলিস্কোপ লামোস্ট নতুন ডেটাসেট প্রকাশ করেছে। ৩ কোটিরও বেশি বর্ণালী অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার এ তথ্য জানায় চীনের বিজ্ঞানী একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার।
ডিআর১৩ নামের ডেটাসেটটি ২০১১ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পর্যবেক্ষণ তথ্য নিয়ে তৈরি। এতে রয়েছে ৬,৯৬১টি নিম্ন-রেজোলিউশনের এবং ৩,৪০৪টি মধ্য-রেজোলিউশনের পর্যবেক্ষণ ক্ষেত্র।
প্রকাশিত মোট ৩ কোটি ৮২ লাখ বর্ণালী বা স্পেকট্রার মধ্যে প্রায় ১ কোটি ৩৪ লাখ নিম্ন-রেজোলিউশনের এবং ১ কোটি ৭৩ লাখ মধ্য-রেজোলিউশনের বর্ণালী রয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ২৯ লাখ নক্ষত্রের স্পেকট্রাল প্যারামিটারও এতে সংযোজন করা হয়েছে।
এ পর্যন্ত বর্ণালী প্রকাশের সংখ্যার দিক থেকে লামোস্ট বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে বিজ্ঞান একাডেমি।
এই ডেটা ব্যবহার করে ইতোমধ্যে চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের ২৭৮টি প্রতিষ্ঠানের ১,৯০০-এর বেশি গবেষক কাজ করেছেন। এর ভিত্তিতে ২,২০০-এর বেশি উচ্চমানের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, চীনের জ্যোতির্বিজ্ঞানে প্রথম বৃহৎ জাতীয় বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে লামোস্ট গত ১৪ বছর ধরে স্থিতিশীলভাবে পরিচালিত হচ্ছে।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: চায়না ডেইলি