ইরান, চীন ও কিউবার অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে গতকাল (শুক্রবার) ইরানের মিনাব প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা নিয়ে এক জরুরি বিতর্ক অনুষ্ঠিত হয়। জেনিভায় জাতিসংঘের কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জিয়া গুইদে এতে অংশ নিয়ে চীনের অবস্থান তুলে ধরেন।
জিয়া গুইদে বলেন, মিনাব প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮জন ছাত্রীর প্রাণহানি একটি ভয়াবহ নৃশংসতা, যা মানবিক বিবেকের নৈতিক সীমা লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের চরম অবজ্ঞা। চীন এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
চীনা প্রতিনিধি উল্লেখ করেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই পরিচালিত এই হামলাগুলোই বর্তমান ট্র্যাজেডির মূল কারণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু ইরানের নেতাদের হত্যা এবং ইরানের জনগণের মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘন করেনি, বরং মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনাও বাড়িয়েছে, যার ফলে আঞ্চলিক দেশগুলো বাধ্যতামূলকভাবে এই সংঘাতে জড়িয়ে পড়েছে।
তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে শান্তি আলোচনায় বসার আহ্বান জানান এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দেন।
জিনিয়া/তৌহিদ/তুহিনা