ইরানে চলমান যুদ্ধ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে আক্রমণাত্মক কার্যক্রম পর্যায়ক্রমে কমিয়ে এনেছি এবং আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান পুরোপুরি শেষ হবে। আমরা দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি। শাসনব্যবস্থার পরিবর্তন আমার অন্যতম লক্ষ্য ছিল না, আমার লক্ষ্য ছিল তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলা যায়। তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। কিন্তু, আমরা কাজটি শেষ করছি এবং আমার মনে হয় কাজটি শেষ করতে দুই সপ্তাহ বা আরও দু-এক দিন বেশি সময় লাগতে পারে।’
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে জোর দিয়ে বলেন, এই যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। কোনো সমঝোতা ছাড়াই ওয়াশিংটন চাইলে এককভাবে এই সামরিক অভিযান শেষ করতে পারে।
এ দিন ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে নির্ধারিত সামরিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় ওয়াশিংটন এখন যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছে। তবে এ সময়ের মধ্যে ইরান নতুন করে পাল্টা হামলা চালালে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউজ।
সূত্র: সিএমজি