মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে কর্মরত ৩৩ জন চীনা নাগরিক নিরাপদে চীনে ফিরেছেন। বুধবার তারা সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছি পৌঁছান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চলটিতে সংকট সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখে চীনা কর্তৃপক্ষ।
চীনা কূটনৈতিক মিশনগুলোর সমন্বয়ে চীনা নাগরিকদের আজারবাইজান হয়ে দেশে আনা হয়। তাদের বহনকারী ফ্লাইটটি পরিচালনা করে চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
চীনে ফিরে আসা নাগরিকদের একজন থিয়ান হেকুও বলেন, ‘দূতাবাসের কর্মীদের সহায়তায় আমরা সবাই নিরাপদে বাড়ি ফিরেছি। এখন খুব স্বস্তি বোধ করছি।’
উরুমছি ইমিগ্রেশন পরিদর্শন স্টেশনের ক্যাপ্টেন চাও চিচিং বলেন, ‘বিভিন্ন সেবার মাধ্যমে তাদের যত্ন নেওয়ার চেষ্টা করেছি। পরিদর্শন প্রক্রিয়া সহজ করেছি এবং যোগাযোগের মাধ্যমে উদ্বেগ কমানোর চেষ্টা করেছি।’
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি