চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট পল মাশাতিলের আমন্ত্রণে দেশটিতে এক গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেছেন। সফরকালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে সাক্ষাৎ করেন এবং ভাইস প্রেসিডেন্ট মাশাতিলের সাথে যৌথভাবে ‘চীন-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক কমিশন’-এর নবম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ ছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার থোকো ডিডিজার সাথেও বৈঠক করেন।
প্রেসিডেন্ট রামাফোসার সাথে সাক্ষাতকালে হান চেং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। হান চেং বলেন, চীন দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্ক উন্নয়নকে অনেক গুরুত্ব দেয়। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নির্ধারিত "নতুন যুগের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব"-কে আরও এগিয়ে নিতে চীন বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী ১ মে থেকে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা ৫৩টি আফ্রিকান দেশের পণ্যের ওপর চীন "শূন্য শুল্ক" নীতি কার্যকর করবে। চীন চায় দক্ষিণ আফ্রিকার সাথে দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে পৌঁছাতে এবং বাস্তবসম্মত সহযোগিতা বৃদ্ধি করতে।
প্রেসিডেন্ট রামাফোসাও প্রেসিডেন্ট সি চিন পিংকে শুভকামনা জানান এবং পুনর্ব্যক্ত করেন যে, দক্ষিণ আফ্রিকা একচীন নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চীন ঘোষিত "শূন্য শুল্ক" নীতিকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকা এই সুযোগ কাজে লাগিয়ে চীনে রপ্তানি বৃদ্ধি করবে। এ ছাড়া তিনি বহুপাক্ষিক ব্যবস্থায় চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আফ্রিকা এবং গ্লোবাল সাউথের দেশগুলোর যৌথ উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাইস প্রেসিডেন্ট মাশাতিলের সাথে অধিবেশন চলাকালে হান চেং বলেন, উভয় নেতার দূরদর্শী নেতৃত্বে এই সম্পর্ক এখন "সোনালি যুগে" প্রবেশ করেছে। উভয় পক্ষকে একে অপরের মূল স্বার্থের বিষয়ে সমর্থন বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করতে হবে। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)