বিশ্বে নতুন ধরনের বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বক্তারা। রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ গ্লোবাল লিডারশিপ ফোরামে এ আহ্বান জানানো হয়।
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধীন ছোংইয়াং ইনস্টিটিউট ফর ফিনান্সিয়াল স্টাডিজ আয়োজিত এ ফোরামে সরকারি কর্মকর্তা, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা উদ্ভাবন, বৈশ্বিক উন্মুক্ততা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রমবর্ধমান জটিল বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মা হুয়াইত্য বলেন, বর্তমান বিশ্বে এমন নেতৃত্ব দরকার যা কোনো একক দেশ বা জোটের আধিপত্যের ওপর নির্ভর করবে না। বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠবে ‘উইন-উইন’ ভিত্তিক নেতৃত্ব। তিনি আরও বলেন, এ ধরনের নেতৃত্ব গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, আন্তর্জাতিক নিয়ম সম্পর্কে অবগত এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগে পারদর্শী প্রতিভাবান নেতৃত্ব তৈরি করা এখন একটি কৌশলগত প্রয়োজন, যা একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানবজাতির যৌথ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএমজি