চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের জন্য ১০টি বড় বৈজ্ঞানিক গবেষণা অবকাঠামো ও প্রকল্প উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে ২০২৬ চোংকুয়ানছুন ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
এই উদ্যোগের আওতায় রয়েছে কুইচৌ প্রদেশের পাঁচশ মিটার ব্যাসের বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ। রয়েছে হেইলংচিয়াং প্রদেশে থাকা মহাকাশ পরিবেশের সিমুলেশন ও গবেষণা অবকাঠামো এবং আনহুই প্রদেশের উন্নত সুপারকন্ডাক্টিং টোকামাক বা চীনের তৈরি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্প।
ঘোষণায় বলা হয়, এই কর্মপরিকল্পনার লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য উন্মুক্ত, ন্যায্য, এবং বৈষম্যহীন পরিবেশ তৈরি করা।
চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০)–এর রূপরেখায় বৈশ্বিক প্রতিযোগিতামূলক একটি উন্মুক্ত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের একসঙ্গে কাজ করে মৌলিক ও অগ্রবর্তী বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবিলারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সিএমজি